দেশের প্রচলিত আইনের আওতায় রামিসা হত্যা মামলার আসামিকে সর্বোচ্চ দ্রুত সময়ে বিচারের মুখোমুখি করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (২৩ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ নির্মূলে জনমতের ভিত্তিতে আরও কার্যকর ও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। অপরাধ দমনে সরকার কোনো ধরনের আপস করবে না বলেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
এ সময় রাজধানীর বিভিন্ন অলিগলিতে গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, পাড়া-মহল্লায় প্রতিষ্ঠিত স্কুল-কলেজগুলোকে অবশ্যই নির্ধারিত সরকারি নীতিমালার আওতায় পরিচালিত হতে হবে। এ বিষয়ে সরকারের নজরদারি আরও জোরদার করা হবে এবং নীতিমালার বাইরে কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
অনুষ্ঠানে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেন তথ্যমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।




