ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙাটুঙ্গি গ্রামের কিশোরী ফুটবলারদের জন্য এক বছরের বৃত্তি নবায়ন করেছে কিশোর আলো। রাঙাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির যে ৭০ জন কিশোরী ফুটবলার গত এক বছর কিশোর আলোর বৃত্তি পেয়েছে, আগামী এক বছরও তারা এই বৃত্তি পাবে।
কিশোরীদের বৃত্তির জন্য অর্থসহায়তা দিয়েছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য রুবানা হক। তিনি ব্যক্তিগত তহবিল থেকে এই বৃত্তির জন্য অর্থ দিয়েছেন। কিশোর আলো এই অর্থের মাধ্যমে রাঙাটুঙ্গির কিশোরী ফুটবলারদের বৃত্তি দেবে।
রাঙাটুঙ্গি গ্রামের কিশোরীদের ফুটবল খেলার গল্প এখন আর শুধু এই গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই। এই গ্রামের মাঠ থেকেই উঠে এসেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকা। জাতীয় দলের হয়ে খেলেছেন এই গ্রামের আরও কয়েকজন ফুটবলারও। তাঁদের পথ অনুসরণ করে রাঙাটুঙ্গির আরও অনেক কিশোরী এখন স্বপ্ন দেখে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার।

