‘ধুরন্ধর’-এর রেশ এখনও কাটেনি, এরই মাঝে শোনা যাচ্ছে অভিনেতা রণবীর সিং শুরু করবেন তার আগামী ছবি ‘প্রলয়’-এর কাজ। আসন্ন সেপ্টেম্বরেই নাকি শুটিং শুরু হবে এই ছবির।
জানা গেছে, পরিচালক জয় মেহতার একটি থ্রিলার ছবি ‘প্রলয়’। যার বড় অংশের শুটিং হবে অস্ট্রেলিয়ায়। ছবির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন রণবীর। চরিত্রের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতির পাশাপাশি, ছবির নির্মাণ নিয়েও নিয়মিত আলোচনা করছেন তিনি পরিচালক ও চিত্রনাট্যকারদের সঙ্গে। কারণ, এই ছবিতে ‘ভিএফএক্স’-এর ব্যবহার হবে অনেকটা অংশ জুড়ে। সেই জন্যই আন্তর্জাতিক মানের প্রযুক্তিবিদদের তত্ত্বাবধানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ।
শোনা যাচ্ছে, প্রায় ৩০০ কোটি টাকা বাজেটের এই ছবি রণবীরের অভিনয় জীবনের সবচেয়ে ব্যয়বহুল একক ‘প্রজেক্ট’ হতে পারে। ‘পোস্ট-অ্যাপোক্যালিপটিক’ এক পৃথিবীকে পটভূমি করে তৈরি এই ছবির কাহিনিতে দেখা যাবে, ধ্বংসস্তূপে পরিণত মুম্বাইয়ে বেঁচে থাকার লড়াইয়ে নেমেছে এক দম্পতি।
এ ছবিতে রণবীরের বিপরীতে দেখা যেতে পারে দক্ষিণী অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন-কে। এই ছবির মাধ্যমেই তার বলিউডে অভিষেক হতে পারে বলে জল্পনা। যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে ছবির নাম, অভিনেতা-অভিনেত্রী কিংবা শুটিংয়ের সময়সূচি নিয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
তবে সব কিছু পরিকল্পনা অনুযায়ী আগালে, ‘প্রলয়’ ভারতীয় সিনেমায় ‘জম্বি’ ঘরানার অন্যতম বড় বাজেটের ছবি হিসেবে নজর কাড়তে পারে বলেই মনে করছে চলচ্চিত্র মহল।



