যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা লাইফ সাপোর্টে: ডোনাল্ড ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা লাইফ সাপোর্টে: ডোনাল্ড ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের চলমান উত্তেজনা নিরসনে যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, তা বর্তমানে লাইফ সাপোর্টে বা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সোমবার (১১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আলোচনায় অগ্রগতি হলেও ইরানের সাম্প্রতিক প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তাদের পক্ষ থেকে পাঠানো শান্তি প্রস্তাব বাস্তবসম্মত নয় এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন তা মেনে নেবে না।

ট্রাম্প বলেন, এটি এমন একটি প্রস্তাব, যা গ্রহণ করার মতো নয়। সাম্প্রতিক মার্কিন অভিযানে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তার বক্তব্য অনুযায়ী, ইরানের নৌবাহিনীর বড় জাহাজগুলো ধ্বংস হয়ে গেছে এবং এখন কেবল অল্প কিছু ছোট স্পিডবোট অবশিষ্ট রয়েছে।

অন্যদিকে, তেহরানও নিজেদের অবস্থানে অনড় রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেকোনো সমঝোতার আগে যুক্তরাষ্ট্রকে ইরানি বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করার দাবিও জানিয়েছে দেশটি।

উল্লেখ্য, যুদ্ধবিরতির শর্ত ও পারমাণবিক ইস্যুতে মতপার্থক্যের কারণে আলোচনা কার্যত অচল হয়ে পড়েছে। উভয় পক্ষের কঠোর অবস্থানের কারণে যুদ্ধবিরতি আলোচনার ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।

Scroll to Top