কানের লালগালিচায় বাংলাদেশের প্রিয়তীর রাজকীয় ঝলক

কানের লালগালিচায় বাংলাদেশের প্রিয়তীর রাজকীয় ঝলক

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ অভিনেত্রী ও ‘মিস আয়ারল্যান্ড’ খেতাবজয়ী মাকসুদা আখতার প্রিয়তী ধরা দিলেন এক অনন্য ভিন্টেজ গ্ল্যাম লুকে। রইল লুকের বিস্তারিত …

কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে প্রিয়তীর উপস্থিতি ছিল যেন পুরনো হলিউড গ্ল্যাম আর আধুনিক রাজকীয়তার এক দারুণ মেলবন্ধন।রেড কার্পেটে তাঁর এই চোখধাঁধানো লুক মুহূর্তেই নজর কাড়ে ফ্যাশনপ্রেমীদের।

প্রিয়তীর পরনে ছিল আইরিশ ডিজাইনার জেরালডিন ও মিয়ারা-এর তৈরি কাস্টম-মেড হলুদ পেপলাম গাউন। গাউনটির বডিস ও স্লিভজুড়ে ঝিলমিলে সিকুইন, পুঁতি ও ক্রিস্টালের স্ট্রাইপড এমব্রয়ডারির নিখুঁত কাজ।প্রথম দেখাতেই পোশাকটির সূক্ষ্ম কারুকাজ আর স্ট্রাকচারড ডিজাইন মুগ্ধতা ছড়ায়।

তবে এই গাউনের সবচেয়ে আকর্ষণীয় অংশ-এর নাটকীয় স্লিভ ডিজাইন। ডান পাশের স্লিভে বাটারফ্লাই মোটিফ,অন্যদিকে বাম পাশের বোল্ড পাফড ও স্ট্রাকচারড ফুলস্লিভটি যেন পুরো পোশাকের কেন্দ্রবিন্দু। সেখানে যোগ করা হয়েছে ফেদার ডিটেইলিং।

কোমর থেকে নেমে আসা ফ্লোর-লেংথ স্কার্ট অংশটি ছিমছাম অথচ এলিগ্যান্ট। পেপলাম টপের সঙ্গে ফ্লোয়িং স্কার্টের ভারসাম্য পুরো লুকে ভিন্ন মাত্রা এনেছে । ক্ল্যাসিক ভিন্টেজ স্টাইলের সঙ্গে আধুনিক কাট ও টেক্সচারের এই মিশেলই প্রিয়তীর লুককে আলাদা করেছে ।

এই গ্ল্যামারাস উপস্থিতিকে আরও নিখুঁত করেছে আইরিশ জুয়েলারি ও অ্যাক্সেসরি ডিজাইনার ফিওনা র‍্যাফটার-এর তৈরি গয়না ও ব্যাগ। মিনিমাল অথচ স্টেটমেন্ট অ্যাক্সেসরিজ পুরো লুকের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।

চুলের স্টাইলেও ছিল আলাদা আকর্ষণ। সাইড-পার্টেড শর্ট বব হেয়ারস্টাইলটি আশির দশকের হলিউড গ্ল্যাম থেকে অনুপ্রাণিত। মেকআপেও পরিমিত সৌন্দর্য ফুটে উঠেছে। গালে হালকা ব্লাশ, ঠোঁটে গ্লসি ন্যুড লিপকালার এবং চোখে কাজল ও শিমারি হলুদ-সোনালি আইশ্যাডো তাঁর পুরো লুককে দিয়েছে গ্ল্যামারাস ফিনিশ।

নিজের দ্বিতীয় দিনের লুক নিয়ে প্রিয়তী বলেন, “আমি শুধু পোশাক পরি না, এর সঙ্গে আমি একটি গল্পও বহন করি। আন্তর্জাতিক এই মঞ্চে আইরিশ ডিজাইনকে তুলে ধরতে পারা আমার জন্য সত্যিই গর্বের বিষয়।”

দীর্ঘদিন ধরেই প্রিয়তী  টেকসই ফ্যাশন ও স্থানীয় ডিজাইনারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরার পক্ষে কাজ করে আসছেন। তাই কান চলচ্চিত্র উৎসবে তাঁর এই উপস্থিতি শুধু ব্যক্তিগত স্টাইলের প্রকাশ নয়, বরং আয়ারল্যান্ডের উদীয়মান ও প্রতিষ্ঠিত ডিজাইনারদের প্রতি তাঁর ভালোবাসা ও সমর্থনেরও এক অনন্য বহিঃপ্রকাশ।

ছবি: লরেন্ট হু

Scroll to Top