
মাদ্রিদ, ১৮ জুলাই – দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের মিশনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে স্পেন। হাইভোল্টেজ এই ফাইনাল ম্যাচে নিজ দেশের খেলোয়াড়দের সমর্থন জোগাতে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
ফুটবল মাঠের এই লড়াই ছাপিয়ে গ্যালারিতে উপস্থিত থাকার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। সানচেজ ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত হলেও ফুটবল লড়াই উপভোগ করতে তিনি গ্যালারিতে উপস্থিত থাকবেন।
মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারি আরও আলোকিত করবেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিজিয়া এবং তাদের দুই কন্যা। তবে কুসংস্কারের অজুহাতে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
রাজনৈতিক অঙ্গনে সানচেজের সাথে ট্রাম্পের সম্পর্ক বেশ অম্লমধুর। ইরানের বিরুদ্ধে যুদ্ধে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়া এবং ভেনেজুয়েলা ইস্যুতে দ্বিমত পোষণ করায় তাদের মধ্যে টানাপড়েন সৃষ্টি হয়েছিল।
এমনকি ন্যাটো সম্মেলনেও ট্রাম্পের কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল স্পেনকে। তবে সাম্প্রতিক সময়ে সানচেজ দুই দেশের মধ্যকার এই তিক্ততা কমিয়ে আনার আভাস দিয়েছেন।
তুরস্কে এক শীর্ষ সম্মেলনে ট্রাম্পের সাথে ফুটবল নিয়ে তার অনানুষ্ঠানিক আলাপ হয়েছে বলেও তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। ক্রীড়াঙ্গনের এই মহাযজ্ঞের পর স্পেনের প্রধানমন্ত্রী সরকারি সফরে আলজেরিয়া রওনা হবেন।
এস এম/ ১৮ জুলাই ২০২৬





