বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি | চ্যানেল আই অনলাইন

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি | চ্যানেল আই অনলাইন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ দায়িত্ব পালনরত এক ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা, ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়েছে বর্ণবাদ ও বৈষম্যবিরোধী পর্যবেক্ষক সংস্থা ফেয়ার নেটওয়ার্ক। অভিযোগ, জার্মানি ও কুরাসাও ম্যাচের আগে ওই কর্মকর্তা এমন একটি হাতের ইশারা করেছেন, যা শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীগুলোর প্রতীক হিসেবে পরিচিত।

হিউস্টনে রোববার জার্মানির উদ্বোধনী ম্যাচ শুরুর আগে সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেল ভিএআর দলের সদস্যদের পরিচয় করিয়ে দেয়। সেসময় অস্ট্রেলিয়ার ভিএআর কর্মকর্তা শন ইভান্সকে ডান হাতে ‘ওকে’ (OK) চিহ্নের মতো একটি ইশারা করতে দেখা যায়। ম্যাচ হিউস্টনে অনুষ্ঠিত হয়, তবে ভিএআর কর্মকর্তারা ডালাসে অবস্থিত বিশ্বকাপ ব্রডকাস্ট সেন্টার থেকে দায়িত্ব পালন করছিলেন।

ফেয়ার নেটওয়ার্ক বিবৃতিতে জানায়, তাদের বিশেষজ্ঞদের মতে ইভান্সের প্রদর্শিত হাতের ইশারাটি উল্টোভাবে করা ‘ওকে’ চিহ্নের সঙ্গে মিলে যায়, যা সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন উগ্র ডানপন্থী ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

সংস্থাটি বলেছে, ‘এই কর্মকর্তা কেন এমন একটি প্রতীক ব্যবহার করলেন, যখন তিনি জানতেন যে ক্যামেরা তার দিকে তাক করা আছে? আমাদের মতে, তার আর এই বিশ্বকাপে কোন দায়িত্ব পালন করা উচিত নয়।’

ফেয়ার ইভান্সের আচরণকে ‘নব্য-নাৎসি প্রতীকের ব্যবহার’ হিসেবে উল্লেখ করেছে। এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি ফিফা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পক্ষ থেকে সংস্থাটির কাছে প্রতিক্রিয়া চাওয়া হয়েছে।

ঘটনাটি ইচ্ছাকৃত রাজনৈতিক বার্তা ছিল নাকি নিছক কাকতালীয় ঘটনা- তা এখনও স্পষ্ট নয়। অনেক দেশে ‘সার্কেল গেম’ নামে পরিচিত একটি খেলায় কোমরের নিচে উল্টো ‘ওকে’ চিহ্ন দেখিয়ে অন্যকাউকে তাকাতে বাধ্য করা হয়। তবে গত এক দশকে একই প্রতীক শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীগুলোর মধ্যেও ব্যবহৃত হতে শুরু করে।

২০১৯ সালে নিউইয়র্কভিত্তিক ইহুদি অধিকার সংগঠন অ্যান্টি-ডিফেমেশন লীগ (এডিএল) প্রতীকটিকে ঘৃণার প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে। তবে সংগঠনটির কর্মকর্তারা সেসময় বলেছিলেন, কোন ব্যক্তি এই ইশারা কোন প্রেক্ষাপটে ব্যবহার করছেন, তা বিবেচনায় নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, শন ইভান্স বিশ্বকাপের জন্য নির্বাচিত ৩০ জন ভিএআর কর্মকর্তার একজন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত চলতি বিশ্বকাপে তিনি প্রথমবার এমন দায়িত্ব পালন করছেন।

Scroll to Top