
বগুড়া, ১৯ জুন – বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত এবং দিগন্ত ইউনিয়নের বিতর্কিত নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত এবং সংশ্লিষ্ট এলাকার ইতিহাস ও ভৌগোলিক পরিচয়কে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি আয়োজন করা হবে। নাম চূড়ান্ত হওয়ার পর তা যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গেজেট আকারে প্রকাশ করা হবে।
উল্লেখ্য যে গত ১১ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। তবে স্থানীয় সংসদ সদস্যের পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল থাকায় এই নামকরণ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং বিষয়টি জাতীয় সংসদেও আলোচিত হয়।
বর্তমানে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে ইউনিয়নগুলোতে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় প্রশাসন।
এনএন/ ১৯ জুন ২০২৬





