
মুম্বাই, ২ মে – মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে মালয়ালম মেগাস্টার মোহনলাল ও মামুট্টি অভিনীত চলচ্চিত্র ‘প্যাট্রিয়ট’। তারকাখচিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে দীর্ঘদিনের যে উত্তেজনা ছিল, তার প্রতিফলন দেখা গেছে প্রেক্ষাগৃহের আয়ের পরিসংখ্যানে। চলচ্চিত্র শিল্পের বক্স অফিস বিশ্লেষক স্যাকনিল্কের তথ্য অনুসারে, প্রথম দিনে বিশ্বজুড়ে ২৯ দশমিক ৩৭ কোটি রুপি আয় করেছে ‘প্যাট্রিয়ট’।
ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটি প্রায় ২ হাজার ৬৩৬টি শো থেকে ৯ দশমিক ৮০ কোটি রুপি নিট আয় করেছে। গ্রস আয়ের হিসেবে ভারতে এটি ১১ দশমিক ৩৭ কোটি রুপিতে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজার থেকেও সিনেমাটি আশাতীত সাফল্য পেয়েছে এবং সেখান থেকে আয় হয়েছে প্রায় ১৮ কোটি রুপি।
বিশেষ করে কেরালা রাজ্যে সিনেমাটি ব্যাপক দাপট দেখিয়েছে। রাজ্যের প্রধান শহর কোচি এবং কোঝিকোড়ে দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়। এছাড়া ত্রিশূর, কোট্টায়াম এবং কোল্লামের প্রেক্ষাগৃহগুলোতেও উপচে পড়া ভিড় দেখা গেছে। কেরালার বাইরে মুম্বাইয়ে দর্শক উপস্থিতি ছিল প্রায় ৭৮ শতাংশ এবং বেঙ্গালুরুতে ৫৮ শতাংশ। সামগ্রিকভাবে প্রথম দিনে ৭০ শতাংশেরও বেশি আসন পূর্ণ ছিল।
দীর্ঘ বিরতির পর ভারতের দুই কিংবদন্তি অভিনেতা মোহনলাল ও মামুট্টিকে একসাথে পূর্ণাঙ্গ চরিত্রে পর্দায় দেখে উচ্ছ্বসিত ভক্তরা। ২০০৮ সালের পর এই প্রথম তাদের বড় পর্দায় একসঙ্গে দেখা গেল। মহেশ নারায়ণন পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, কুনচাকো বোবান, নয়নথারা এবং রেবতীর মতো তারকারা।
এস এম/ ২ মে ২০২৬






