মশিউর রহমান: ডিম ও মুরগির মূল্যবৃদ্ধির অন্যতম প্রধান কারণ উৎপাদন খরচ বৃদ্ধি। গত কয়েক বছরে পোলট্রি ফিডের কাঁচামাল, বাচ্চা, ওষুধ, বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির জন্য পণ্য পরিবহণ খরচও অনেক বেড়েছে। পাশাপাশি অতিরিক্ত গরম, রোগবালাই ও খামার ব্যবস্থাপনার দুর্বলতায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পোলট্রি খাদ্যের প্রধান কাঁচামাল ভুট্টা, সয়াবিন মিল প্রভৃতি, যার বেশির ভাগই আমদানিনির্ভর। গত তিন বছরে সব ধরনের ফিডের উপাদানের দাম ৩৫ শতাংশের মতো এবং ডিম ও মাংসের দাম ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার পেলেট ফিডের (প্রক্রিয়াজাত দানাদার খাবার) দাম প্রায় ৭২-৭৩ টাকা এবং লেয়ার মেশ ফিডের (পাউডার) দাম ৫৮-৫৯ টাকা। অন্যদিকে এক দিনের ব্রয়লার বাচ্চা ৩৫-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

