সিনেমাকেও হার মানালো GTA-6, একদিনেই আয় ৪৪ হাজার কোটি টাকা

মুক্তির প্রথম দিনেই প্রায় ৪৪ হাজার কোটি টাকার ব্যবসা করে বিনোদনজগতে নতুন ইতিহাস গড়েছে ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। গেমটির প্রি-অর্ডার ও প্রথম দিনের বিক্রি মিলিয়ে আয় হয়েছে ৩৭৯ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার কোটি টাকা।

GTA-6

শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের মূল কোম্পানি টেক-টু ইন্টারঅ্যাকটিভ।

প্রতিষ্ঠানটির দাবি, যে কোনো মাধ্যমের বিনোদনজগতের ইতিহাসে এটি নতুন বিক্রির রেকর্ড। তাদের ভাষায়, জিটিএ ৬ এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় বিনোদনমূলক উদ্বোধন।

তবে প্রথম দিন ঠিক কত কপি গেমটি বিক্রি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি টেক-টু ইন্টারঅ্যাকটিভ। প্রতিষ্ঠানটির এক মুখপাত্রও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

আয়ের হিসাবে সিনেমাজগতের একাধিক বড় রেকর্ডকেও ছাড়িয়ে গেছে জিটিএ ৬। ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বজুড়ে আয় করেছে ২৫২ কোটি ডলার। অন্যদিকে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’র আয় ১৮০ কোটি ডলারের কিছু বেশি। অথচ জিটিএ ৬ মুক্তির প্রথম দিনেই আয় করেছে এর চেয়ে অনেক বেশি।

এমনকি সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ২৯০ কোটি ডলারের বক্স অফিস আয়ও একদিনেই ছাড়িয়ে গেছে গেমটি। জেমস ক্যামেরনের সর্বশেষ দুটি ‘অ্যাভাটার’ সিনেমার সম্মিলিত আয়ের কাছাকাছি পৌঁছে গেছে এর প্রথম দিনের বিক্রি।

জিটিএ ৬ নির্মাণে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করেছে রকস্টার গেমস। গেমটি তৈরিতে ব্যয় হয়েছে আনুমানিক ১৫০ কোটি ডলার। প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এস-এর জন্য প্রকাশিত হয়েছে এটি। স্ট্যান্ডার্ড সংস্করণের দাম ৮০ ডলার এবং আলটিমেট সংস্করণের দাম ১০০ ডলার।

গেমটির মূল গল্পে রয়েছে জেসন ও লুসিয়া নামের দুই চরিত্র। কাল্পনিক অঞ্চল লিওনিডায় অপরাধজগতের নানা ঘটনায় জড়িয়ে পড়ে তারা। মূল কাহিনি শেষ করতে খেলোয়াড়দের প্রায় ৮০ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানা গেছে।

রকস্টার গেমসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউজার বলেন, ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ প্রকাশের মধ্য দিয়ে রকস্টার গেমসের নতুন অধ্যায় শুরু হলো। বিশ্বের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া সাড়ায় তারা কৃতজ্ঞ ও অভিভূত।

মুক্তির আগেই গেমটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। এবার প্রথম দিনের বিক্রির হিসাব সেই আগ্রহকেই নতুন মাত্রা দিল। ভিডিও গেমের ইতিহাসে জিটিএ ৬-এর এই সাফল্য বিনোদনশিল্পের বাণিজ্যিক হিসাবেও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, চার দশকেরও বেশি আগে প্রকাশিত একটি বাংলা গান এবার জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম আলোচিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এ। গেমটির রেডিও স্টেশনে বাজছে কলকাতার সংগীতশিল্পী রূপা বিশ্বাসের গান ‘আজ শনিবার’। পুরোনো এই বাংলা গান নতুন করে আন্তর্জাতিক গেমারদের নজর কেড়েছে।

১৯৮২ সালে রূপা বিশ্বাসের অ্যালবাম ‘ডিস্কো জ্যাজ’র অংশ হিসেবে প্রকাশিত হয় ‘আজ শনিবার’। গানটির সংগীতায়োজন করেছিলেন প্রখ্যাত সরোদশিল্পী আশিস খান। এতে ডিস্কো ও ফাঙ্ক সংগীতের ছন্দের সঙ্গে মিশেছে ভারতীয় ধ্রুপদি সংগীতের আবহ। গানটিতে বাংলা ও হিন্দি- দুই ভাষার কথাই রয়েছে।

গেমটির ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ (Worldwide FM) রেডিও স্টেশনে শোনা যাচ্ছে গানটি। এই স্টেশনে আন্তর্জাতিক সংগীত, জ্যাজ ও হাউজ মিউজিকের পাশাপাশি বিভিন্ন দেশের গান রাখা হয়েছে। গেমের কাল্পনিক অঞ্চল লিওনিডায় গাড়ি চালানোর সময় রেডিওতে এই গান শুনতে পারবেন খেলোয়াড়েরা। স্টেশনটি পরিচালনা করছেন ব্রিটিশ ডিজে ও সংগীত উপস্থাপক জিলস পিটারসন।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

চার দশকেরও বেশি সময় আগে তৈরি একটি বাংলা গান এবার পৌঁছে গেল বিশ্বের নানা প্রান্তের গেমারদের কাছে। জিটিএ ৬-এর সুবাদে নতুন প্রজন্মের শ্রোতারাও পরিচিত হচ্ছেন রূপা বিশ্বাসের সেই পুরোনো গানের সঙ্গে।

Scroll to Top