পড়াশোনার ফাঁকে ক্যাফে খুলে ৫০ দিনে তরুণীর আয় ১৫ লাখ

কলেজের পড়াশোনার পাশাপাশি নিজের ক্যাফে চালু করে মাত্র ৫০ দিনে ১৫ লাখ রুপি আয় করেছেন ভারতের ২১ বছর বয়সী তরুণী অনন্যা আগরওয়াল। ভারতের হরিয়ানার গুরুগ্রামে তার প্রতিষ্ঠিত ‘লুম অ্যান্ড লাইম’ নামের ক্যাফেটি ইতোমধ্যে আলোচনায় এসেছে।

ক্যাফে

সাধারণত কলেজজীবনে পড়াশোনা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই ব্যস্ত থাকেন শিক্ষার্থীরা। তবে এসবের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করেছেন অনন্যা।

কলেজের শেষ বর্ষে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (ব্যাচেলর অব ম্যানেজমেন্ট স্টাডিজ) পড়ছেন তিনি। একই সঙ্গে নিজের ক্যাফের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্যাফেটি প্রতিষ্ঠার পেছনে অনন্যার লক্ষ্য ছিল এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন, উপভোগ করতে পারবেন সুস্বাদু খাবার এবং পাবেন নান্দনিক পরিবেশ। ক্যাফের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

এক সাক্ষাৎকারে অনন্যা জানান, কলেজ ও ক্যাফের দায়িত্ব সামলাতে তাকে সময় ভাগ করে চলতে হয়। একদিকে পরীক্ষার ফল ভালো রাখা, বিভিন্ন প্রকল্পের কাজ জমা দেওয়া, অন্যদিকে ক্যাফের সব কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করা সবকিছুই সামলাতে হচ্ছে তাকে।

অনন্যা বলেন, ‘আমি কাজ করতে করতেই শিখছি। উদ্যোক্তা হওয়া আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।’

নিজের ক্যাফের খাবারের বিশেষত্ব তুলে ধরে তিনি বলেন, ভারতে ইতালীয়, ভূমধ্যসাগরীয় কিংবা মেক্সিকান খাবারে অনেক সময় ভারতীয় মসলা ও স্বাদ যোগ করা হয়। এতে মূল খাবারের প্রকৃত স্বাদ ও বৈশিষ্ট্য অনেকটাই হারিয়ে যায়।

তাই আন্তর্জাতিক খাবারের নিজস্ব স্বাদ ও ঐতিহ্য বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে তার ক্যাফে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

পড়াশোনার পাশাপাশি ব্যবসা পরিচালনা এবং অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য আয় সব মিলিয়ে অনন্যা আগরওয়াল তরুণ উদ্যোক্তাদের জন্য এক আলোচিত উদাহরণ হয়ে উঠেছেন।

সূত্র: এনডিটিভি

Scroll to Top