প্রায় দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর অচলাবস্থা কাটিয়ে অবশেষে পুনরায় চালু হলো তেহরানের আন্তর্জাতিক ফ্লাইট।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে, শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় কিছু আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়েছে।
বিমানবন্দরটি সচল হওয়ার পর যাত্রীবাহী প্রথম ফ্লাইটগুলো ওমানের মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। এতে করে আটকে পড়া সাধারণ যাত্রী এবং প্রবাসীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বিমানবন্দরটিও পুনরায় খুলে দেওয়া হয়েছিল। আঞ্চলিক অস্থিরতা ও উত্তেজনার প্রেক্ষাপটে ফ্লাইট বন্ধ থাকার পর এখন ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে ইরান কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইল সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয় ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে যুদ্ধ বন্ধ রয়েছে।
দুই সপ্তাহ আগে পাকিস্তানে ওয়াশিংটন ও তেহরান আলোচনায় বসে। আলোচনা ব্যর্থ হওয়ায় দ্বিতীয় দফা আলোচনার আয়োজনের প্রচেষ্টা চলছে।





