
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলেও চূড়ান্ত ক্ষমতা নিজের কাছেই থাকবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ডেমোক্র্যাটরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রেসিডেন্ট হিসেবে তার হাতে ভেটো ক্ষমতা রয়েছে।
ভোটকেন্দ্রগুলো বন্ধ হতে শুরু করার পর বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
ট্রাম্প বলেন, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলেও চূড়ান্ত ক্ষমতা আমার হাতেই থাকবে। এ প্রসঙ্গে তিনি প্রেসিডেন্টের সাংবিধানিক ভেটো ক্ষমতার কথা উল্লেখ করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ এ নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব আসন এবং সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসনে ভোট হচ্ছে।
প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ডেমোক্র্যাটদের যথাক্রমে অন্তত তিনটি ও চারটি আসন নিজেদের দখলে নিতে হবে।
জরিপ ও নির্দলীয় বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে ডেমোক্র্যাটদের হাতে যেতে পারে। তবে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্যও এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ এবং এর প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মার্কিন ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এর ফলে ট্রাম্পের জনপ্রিয়তা তার বর্তমান মেয়াদের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কংগ্রেসের দুই কক্ষের নির্বাচনের পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর পদেও ভোট হচ্ছে। এ ছাড়া বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচন এবং একাধিক গুরুত্বপূর্ণ গণভোটে অংশ নিচ্ছেন মার্কিন ভোটাররা।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

