বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ের পর ‘সমর্থকদের উল্লাসের’ ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপ্ত চৌধুরী (২৬) শহরের মালনীরোড এলাকার বাদল চৌধুরীর ছেলে ও নেত্রকোণা সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে নিহতের বাবা বাদল চৌধুরী বলেন, বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রাতে বাসা থেকে বের হয়ে শহরের শহীদ মিনার এলাকায় গিয়েছিল দীপ্ত। খেলা শেষে আর্জেন্টিনার জয়ে খুশি সমর্থকেরা আনন্দ উল্লাস করছিল। তখন একটি ভবনের ছাদ থেকে সেই মুহুর্তের ভিডিও ধারণ করছিল দীপ্ত। এ সময় অসতর্কতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে গেলে সে ছিটকে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ বলেন, বিদ্যুতের স্পর্শে ও ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে দীপ্ত চৌধুরী মারা গেছেন।
আরও পড়ুনঃ হারের বেদনাতেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেইন
এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন সরকার গণমাধ্যমকে বলেন, অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


