জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলায় কেউ মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডিবিপ্রধান জানান, জুলাই আন্দোলন-সংক্রান্ত মোট ৫৯টি মামলা বর্তমানে ডিবি তদন্ত করছে। এসব মামলার প্রতিটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি ১৫ দিন পরপর সভা করা হচ্ছে। একই সঙ্গে পুলিশ সদরদপ্তরেও এ সংক্রান্ত একটি মনিটরিং সেল রয়েছে।
শফিকুল ইসলাম বলেন, প্রতিটি মামলার তথ্য-উপাত্ত ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করেই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন। প্রেস ব্রিফিংয়ে অনলাইন জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান নিয়েও কথা বলেন ডিবিপ্রধান। তিনি জানান, সাম্প্রতিক অভিযানে ৬ হাজার ৫০০টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টসংবলিত সিম কার্ড জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে অনলাইন জুয়ার মাধ্যমে প্রতিদিন প্রায় ৮০০ কোটি টাকা লেনদেন হচ্ছে এবং এর একটি বড় অংশ বিদেশে পাচার হচ্ছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এ বিষয়ে ডিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।


