ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ। ঢাকাই সিনেমার প্রথম ‘স্টার কিড’ আব্রাম খান জয় ১০ বছরে পা দিয়েছে। ছেলেকে বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বাবা ও মা দুজনেই।
জন্মদিন উপলক্ষে শাকিব খান ছেলের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে কালো পাঞ্জাবি ও কটি পরা অবস্থায় দেখা যায় জয়কে। ছবির সঙ্গে ছেলে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাক—এমন প্রত্যাশা জানিয়ে শাকিব লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
অন্যদিকে, জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় আব্রাম খান জয়ের। জন্মের পর থেকেই তারকা বাবা-মায়ের কারণে আলোচনায় আসে সে। অল্প সময়ের মধ্যেই দেশের বিনোদন অঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠে জয়।
শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। তবে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখেন তারা। পরে ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
জন্মের পর থেকেই বাবা-মায়ের জনপ্রিয়তার কারণে গণমাধ্যম ও দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে জয়। প্রতি বছর তার জন্মদিন ঘিরেও ভক্তদের মধ্যে দেখা যায় বাড়তি আগ্রহ।



