গবেষণাগারে তৈরি বিশেষ ধরনের চোখের কোষ ভবিষ্যতে অন্ধত্ব প্রতিরোধ ও রেটিনার বিভিন্ন রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে প্রাপ্তবয়স্ক কোষকে রূপান্তর করে চোখের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ রক্তনালির কোষ তৈরি করা সম্ভব হয়েছে। প্রাণীর ওপর প্রাথমিক পরীক্ষায় এসব কোষ ক্ষতিগ্রস্ত চোখের টিস্যুর সঙ্গে যুক্ত হয়ে স্বাভাবিক কার্যকারিতা ফিরিয়ে আনতেও সক্ষম হয়েছে।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। মানুষের চোখের রেটিনায় থাকা ‘রেটিনাল এন্ডোথেলিয়াল’ কোষ রক্তনালির অভ্যন্তরীণ স্তর তৈরি করে এবং একটি সুরক্ষাব্যবস্থা হিসেবে কাজ করে। এই ব্যবস্থা চোখের সংবেদনশীল টিস্যুতে অক্সিজেন, পুষ্টি, তরল ও অন্যান্য রাসায়নিক উপাদানের প্রবাহ নিয়ন্ত্রণ করে। এসব কোষ ক্ষতিগ্রস্ত হলে বা তাদের কার্যকারিতা কমে গেলে ডায়াবেটিক রেটিনোপ্যাথিসহ বিভিন্ন জটিল রোগ দেখা দিতে পারে, যা একপর্যায়ে দৃষ্টিশক্তি হ্রাস, এমনকি অন্ধত্বের কারণ হয়ে দাঁড়ায়। বর্তমানে গবেষণার জন্য প্রয়োজনীয় রেটিনাল এন্ডোথেলিয়াল কোষ সাধারণত রোগীদের শরীর থেকে সংগ্রহ করতে হয়। ফলে এসব কোষ সংগ্রহ করা যেমন ব্যয়বহুল, তেমনি পর্যাপ্ত পরিমাণে পাওয়া কঠিন। গবেষকদের মতে, নতুন প্রযুক্তি এই সীমাবদ্ধতা দূর করতে পারে। কারণ, এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী পরীক্ষাগারেই এসব কোষ তৈরি করা সম্ভব হবে।



