খালেদা জিয়ার অসুস্থতায় দোয়া চাওয়ায় প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের কৃতজ্ঞতা | চ্যানেল আই অনলাইন

খালেদা জিয়ার অসুস্থতায় দোয়া চাওয়ায় প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের কৃতজ্ঞতা | চ্যানেল আই অনলাইন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়ায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে দেওয়া ফেসবুক পোস্টে তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে নিয়ে ড. মুহাম্মদ ইউনুস এর বিবৃতিতে যে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে সেজন্য প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আজ ২৮ নভেম্বর শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর নিকট তার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনুস তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং তার সুচিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেছেন।

অধ্যাপক ইউনূসের এই মানবিক উদ্যোগ ও সৌজন্যমূলক আচরণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, দেশনেত্রীর প্রতি প্রধান উপদেষ্টার আন্তরিক উদ্বেগ ও মানবিক অনুভূতি রাজনৈতিক সৌজন্যের এক উজ্জ্বল উদাহরণ।

Scroll to Top