হামে আরও ২ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

হামে আরও ২ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯ শিশু।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৫৩ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৯ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১২৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৯৬ শিশু। সব মিলিয়ে একদিনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৯। একই সময়ে নতুন করে ৮৬৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯৯৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৪৬। এর মধ্যে ১৬ হাজার ৫৩১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে মোট ১ লাখ ১৪ হাজার ৩৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ১ লাখ ১০ হাজার ১৮৭ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

Scroll to Top