জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে না পারা এবং ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
রোববার ১৭ মে সকাল ১০টার দিকে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা ভবনের সামনে অবস্থান নিয়ে প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তোলেন।
ধর্ষণচেষ্টার ঘটনার পর গত পাঁচ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন জাবির শিক্ষার্থীরা। তবে অভিযুক্ত এখনো গ্রেপ্তার না হওয়ায় আন্দোলন অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এদিকে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন জাকসু নেতারাও। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ার প্রতিবাদ এবং শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন দর্শন বিভাগের শিক্ষার্থীরা।



