জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত হলেও দেশের রাজস্ব আদায় প্রক্রিয়ায় কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ (১৩ মে) মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, এনবিআরের কাঠামোগত রূপান্তরের মাধ্যমে একটি আধুনিক, দক্ষ ও টেকসই রাজস্ব প্রশাসন গঠনের লক্ষ্যেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, সারা পৃথিবীতেই রাজস্ব আদায় এবং ব্যবস্থাপনা আলাদা আলাদা থাকে। আলাদা করার কারণে রাজস্ব কর্মকর্তাদের শঙ্কার কোনো কারণ নেই। অধ্যাদেশটি ভালোমতো দেখলেই এটি স্পষ্ট হবে।
উল্লেখ্য, গত সোমবার রাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে সরকার। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।







