জেনেভা ক্যাম্পে ত্রিমুখী সাঁড়াশি অভিযান! র‍্যাব-পুলিশ ও ডিএনসির সাথে মাঠে নামল ডগ স্কোয়াডও – DesheBideshe

জেনেভা ক্যাম্পে ত্রিমুখী সাঁড়াশি অভিযান! র‍্যাব-পুলিশ ও ডিএনসির সাথে মাঠে নামল ডগ স্কোয়াডও – DesheBideshe


জেনেভা ক্যাম্পে ত্রিমুখী সাঁড়াশি অভিযান! র‍্যাব-পুলিশ ও ডিএনসির সাথে মাঠে নামল ডগ স্কোয়াডও – DesheBideshe

ঢাকা, ১ জুন – দীর্ঘদিনের মাদক ও অপরাধের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শুরু হয়েছে বিশাল এক যৌথ অভিযান। মাদক নির্মূল ও অপরাধীদের ধরতে আজ সোমবার বিকেল পৌনে পাঁচটা থেকে ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে প্রবেশ করেছে র‍্যাব, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ দল।

অভিযানকে আরও নিখুঁত ও জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত ডগ স্কোয়াডও এই অভিযানে অংশ নিয়েছে। বিকেল থেকেই পুরো জেনেভা ক্যাম্প এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাদরে ঢেকে ফেলা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এই বিশেষ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, এটি মূলত একটি বড় ধরনের মাদকবিরোধী ও বিশেষ চিরুনি অভিযান। র‍্যাব, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সমন্বিতভাবে এই অ্যাকশনে নেমেছে। জেনেভা ক্যাম্পের ভেতরের অন্ধকার গলি ও মাদক কারবারিদের গোপন আস্তানাগুলো চিহ্নিত করে তল্লাশি চালানো হচ্ছে।

সরেজমিনে জানা গেছে, আকস্মিক এই অভিযানে জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বশরীরে উপস্থিত থেকে এই রেইড পরিচালনা করছেন। ডগ স্কোয়াডের কুকুরগুলো দিয়ে ক্যাম্পের সন্দেহভাজন কোণায় কোণায় মাদকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরেই অবৈধ মাদক ব্যবসা, অস্ত্রবাজি এবং গ্যাং কালচারের কারণে খবরের শিরোনামে রয়েছে। সাম্প্রতিক সময়ে ক্যাম্পের অভ্যন্তরীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকটি সহিংস ঘটনাও ঘটেছে। ধারণা করা হচ্ছে, ক্যাম্পকে সম্পূর্ণ অপরাধমুক্ত করতেই এই ঝটিকা ও ত্রিমুখী সাঁড়াশি অভিযানের পরিকল্পনা করা হয়েছে।

অভিযানে কী পরিমাণ মাদক বা কতজন অপরাধী আটক হলো— তা অভিযান শেষ হওয়ার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এনএন/ ১ জুন ২০২৬



Scroll to Top