এআই ও নতুন প্রযুক্তিতে পিছিয়ে না পড়তে মুসলিম নেতাদের আহ্বান আনোয়ার ইব্রাহিমের – DesheBideshe



আনোয়ার ইব্রাহিম

কুয়ালালামপুর,১৪ সেপ্টেম্বর- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মুসলিম সম্প্রদায়ের নেতাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এ ক্ষেত্রে পিছিয়ে পড়লে বাইরের শত্রুদের প্রভাবের সামনে মুসলিম সম্প্রদায় অরক্ষিত হয়ে পড়তে পারে।

তিনি বলেন, সমাজের নিজস্বতা ও নৈতিক ভিত্তি ধরে রাখতে ধর্মীয় পণ্ডিতদের আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

স্থানীয় সময় রবিবার (১৪ সেপ্টেম্বর) ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোঝিকোড়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আনোয়ার ইব্রাহিম বলেন, জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা না থাকলে আমরা আবারও ঔপনিবেশিক শোষণের শিকার হতে পারি।

মালয়েশিয়ার এই নেতা কারানথুরের ‘মারকাজু সাকাফাথি সুন্নিইয়া’-তে শেখ আবুবকর ফাউন্ডেশনের দেওয়া প্রথম ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ বা শ্রেষ্ঠত্ব পুরস্কার গ্রহণের পর এসব কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন, প্রযুক্তির উন্নতির কারণে যেন ধর্মীয় নীতি ও আদর্শ ক্ষতিগ্রস্ত না হয়। তাঁর মতে, ডিজিটাল যুগে এগিয়ে যেতে মুসলিম সম্প্রদায়ের কারিগরি দক্ষতার পাশাপাশি নৈতিক ভিত্তিও প্রয়োজন। আনোয়ার বলেন, আমাদের জ্ঞান ও দক্ষতা দরকার। উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই ‘বিশ্বাস ও নৈতিক মূল্যবোধ’ ধরে রাখতে হবে।

তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তি সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে বাইরের কোনো পক্ষ নতুন প্রযুক্তির মাধ্যমে এমন মূল্যবোধ ছড়িয়ে দিতে পারে, যা ইচ্ছাকৃতভাবে স্থানীয় নৈতিকতা ও ধর্মীয় ঐতিহ্যকে দুর্বল করে দিতে পারে।

মালয়েশিয়ার এই নেতা বলেন, প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা বাড়লেও মুসলিম পণ্ডিতরা এ বিষয়ে যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। তিনি এআই নিয়ে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং জ্ঞান ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে অগ্রগতি এগিয়ে নেওয়ার কথা বলেন।

নয়াদিল্লিতে ব্রিকস নেতাদের সম্মেলনে বহুকেন্দ্রিক অর্থনৈতিক কাঠামো নিয়ে আলোচনা হয়। সেখানে অংশ নেওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কেরালা সফর করেন।

এস এম/ ১৪ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top