আমিরাতে ব্যাংকিং কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা – DesheBideshe

আমিরাতে ব্যাংকিং কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা – DesheBideshe


আমিরাতে ব্যাংকিং কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা – DesheBideshe

দুবাই, ২২ এপ্রিল – সংযুক্ত আরব আমিরাতের ব্যাংকিং খাতে আর্থিক নিরাপত্তা এবং গ্রাহকদের তথ্যের গোপনীয়তা রক্ষায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকসহ সকল লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য হোয়াটসঅ্যাপের মতো তাৎক্ষণিক বার্তা আদান প্রদানকারী প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী আর্থিক লেনদেন, গ্রাহকদের সাথে যোগাযোগ এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বা সমজাতীয় কোনো অ্যাপ আর ব্যবহার করা যাবে না। বিশেষ করে ব্যাংকিং লেনদেন শুরু করা, পাসওয়ার্ড বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো এবং গ্রাহকের ব্যক্তিগত নথি আদান প্রদানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে জালিয়াতি, অ্যাকাউন্ট হ্যাকিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো ঝুঁকি ক্রমাগত বাড়ছে। এছাড়া গ্রাহকের গুরুত্বপূর্ণ তথ্য দেশের বাইরের সার্ভারে সংরক্ষিত হওয়ার সম্ভাবনা থাকে যা আমিরাতের তথ্য সংরক্ষণ আইনের পরিপন্থী। এই ঝুঁকি নিরসনে এবং একটি নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ব্যাংকগুলোকে পুরোপুরি এই কার্যক্রম থেকে সরে আসার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে।

নির্ধারিত সময়ের পর কোনো প্রতিষ্ঠান এই নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও বড় অঙ্কের জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে এখন থেকে ব্যাংকগুলোকে নিজস্ব মোবাইল অ্যাপ, অনলাইন পোর্টাল বা সরাসরি কল সেন্টারের মতো অনুমোদিত ও সুরক্ষিত মাধ্যম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ২২ এপ্রিল ২০২৬



Scroll to Top