জাতীয় যুব দিবস আজ। এবার ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। এ উপলক্ষে ১৪ জনকে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন চারজন যুব সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মী। এ অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
গত ২৯ অক্টোবর সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এদিকে যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে জাতীয় যুব দিবস উপলক্ষে ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান নিয়ে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে পর্যায়ক্রমে তিন থেকে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর মধ্যে মেলার দিনই অন্তত ১০০ জনকে তাৎক্ষণিকভাবে চাকরি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় যুব দিবসের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ১২ হাজার নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ও পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হবে।




