আগুনে পুড়ল নায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়ি, ম্যানেজরসহ দুইজন কারাগারে

চিত্রনায়ক মান্নার ব্যবহৃত একটি গাড়ি মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

মান্না

কারাগারে যাওয়া দুই আসামি হলেন মান্নার পরিবারের ম্যানেজার মো. মামুন মন্ডল (২৯) ও গাড়ির টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারী (৩৭)।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম জামিন আবেদন করেন। জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করে বিচারক বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, গাড়িটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেটি মেরামতের উদ্যোগ নেওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে।

আসামিদের একজন গাড়ির মালিকের পরিবারের ম্যানেজার, অন্যজন টেকনিশিয়ান।

মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর ভাটারা এলাকার একটি বাড়ির নিচে গাড়ি পার্কিংয়ের গ্যারেজ রয়েছে। ওই বাড়ির ভাড়াটিয়া সেলির (চিত্রনায়ক মান্নার স্ত্রী) ঢাকা মেট্রো-গ-১৫-০৭৭৫ নম্বরের একটি প্রাইভেট কার দীর্ঘদিন ধরে গ্যারেজে পড়ে ছিল। গাড়িটির নিচে তেলের চিহ্ন দেখতে পেয়ে সেটি সরিয়ে নেওয়ার জন্য বাড়ির কর্তৃপক্ষ গাড়ির মালিককে অনুরোধ করে।

এরপর গাড়িটি গ্যারেজ থেকে বের করে ওয়ার্কশপে নিয়ে যাওয়ার জন্য পরিবারের ম্যানেজার মামুনকে নির্দেশ দেন মালিক। গ্যারেজে না গিয়ে গত ২৬ অক্টোবর মামুন ও সোহেল গাড়িটি পার্কিংয়ের গ্যারেজে মেরামতের কাজ শুরু করেন।

এ সময় আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে গাড়িটিতে আগুন লাগে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে পাশের আরেকটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া গ্যারেজ, বিদ্যুতের তার, সিসিটিভি ক্যামেরা, গেটের শাটারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। ভবনের বিভিন্ন স্থানের কাচও ভেঙে যায়। সব মিলিয়ে প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ ঘটনায় বাড়ির ম্যানেজার মো. গাজি মানিক মিয়া ভাটারা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টার দিকে মামুন ও সোহেলকে গ্রেপ্তার করা হয়।

Scroll to Top