ফুয়াদকে এবারের ব্যালন ডি’অরের লালগালিচায় যাওয়ার সুযোগ করে দিয়েছে ব্রিটিশ চ্যানেল ডাজোন। লালগালিচায় অনুষ্ঠান–পূর্ববর্তী আয়োজনের উপস্থাপক ছিলেন তিনি। ফাব্রিজিও রোমানোর মতো ট্রান্সফার স্পেশালিস্টের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে সাক্ষাৎকার নিয়েছেন ফুটবলারদের। লালগালিচায় হ্যারি কেইনকে প্রশ্ন করার সুযোগও হয়েছে তাঁর।
ফুয়াদ যে শুধু ফুটবলারদের সাক্ষাৎকার নিয়েছেন, তা কিন্তু নয়। বরং আয়োজনে আসা ফুটবলারদের জন্য উপহারও রেখেছিলেন। কুকুরেয়া, রদ্রি, এমবাপ্পে থেকে শুরু করে রোনালদো নাজারিওর হাতে তুলে দিয়েছেন লন্ডনের স্যুভেনির লাল বাসের চাবির রিং।
ফুয়াদের পোশাকেও ছিল বাংলাদেশের ছোঁয়া। যে স্যুটে হাজির হয়েছিলেন ব্যালন ডি’অরের মঞ্চে, সেখানে ছিল বাংলাদেশের পতাকার কোট পিন। ফুয়াদ যেখানেই যান, বাংলাদেশকে সঙ্গে নিয়েই যান।

