অর্থ পাচারের আরেকটি মামলায় গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের নেতা এনামুল হক এনু এবং তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক নূরে আলম ভূঞা এই মামলার রায় ঘোষণা করেন। একইসঙ্গে, তাদেরকে ৬৪ কোটি ৬২ লাখ এক হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এই টাকা না দিলে তাদের আরো ছয় মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেছে আদালত। তবে অর্থপাচারের সাথে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় বাকি আট আসামিকে খালাস দিয়েছে আদালত।
তারা হলেন, সাইফুল ইসলাম, তুহিন মুন্সী, নবীর হোসেন শিকদার, জয়গোপাল সরকার, পাভেল রহমান, শহিদুল হক ভূইয়া, রশিদুল হক ভূইয়া ও মেরাজুল হক ভূইয়া শিপলু।


