বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের নাটকীয় জয়ের পর ম্যাচ পরিচালনা করা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক আরও তীব্র হয়েছে। ম্যাচের একাধিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এই ম্যাচের সব কর্মকর্তাকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা।
ফরাসি সংবাদমাধ্যম লে’কিপে জানিয়েছে, ফিফার নিয়ম অনুযায়ী কোন দেশ নির্দিষ্ট কোন রেফারিকে নিয়োগ বা অপসারণের দাবি কার্যকর করতে পারে না। তবে রেফারিং বিভাগ ম্যাচের ভিডিও পর্যালোচনা করে লেতেক্সিয়ের টুর্নামেন্টে দায়িত্ব চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ফিফা।
ম্যাচে ভিএআরের সহায়তায় মোস্তাফা জিকোর একটি গোল বাতিল করা হয়। এছাড়া এনজো ফের্নান্দেজের জয়সূচক গোলের আগে আর্জেন্টিনার পেনাল্টি এলাকায় মোহাম্মদ সালাহ ফাউলের শিকার হলেও সেটি ভিএআরে দেখা হয়নি বলে অভিযোগ মিশরের।
ম্যাচ শেষে মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফ রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান। প্রধান কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড জিকো ম্যাচটিকে ‘পাতানো’ ও ‘অন্যায্য’ বলে মন্তব্য করেন। হাসান বলেন, ‘আমরা সম্মান বা ন্যায্যতা কোনোটাই পাইনি। যে দুটি সিদ্ধান্ত হয়েছে, তা মেনে নেয়া কঠিন। খেলাধুলায়ও যদি ন্যায়বিচার না থাকে, তাহলে সেটি হতাশাজনক।’



