অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একটি সামরিক উড়োজাহাজে করে ভারতে পাঠানো হচ্ছে তাদের।

আজ (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, একটি সি-১৭ উড়োজাহাজ ইতিমধ্যেই অভিবাসীদের নিয়ে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। তবে ভারত থেকে বিষয়টি নিয়ে এখনও কিছু জানানো হয়নি। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সে দেশ থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ শুরু হয়। ধরপাকড়ও শুরু করে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে বেশ কিছু দেশের অবৈধ অভিবাসীদের ফেরতও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

অভিবাসীদের ফেরত পাঠাতে পেন্টাগনের সামরিক সদর দপ্তর থেকেও সাহায্য নিচ্ছে যুক্তরাষ্ট্র। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে পেন্টাগন থেকে উড়োজাহাজ দেওয়া হচ্ছে। এল পাসো, সান দিয়েগো, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া থেকে ধৃত বিভিন্ন দেশের প্রায় পাঁচ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পেরু, গুয়েতেমালা এবং হন্ডুরাসে ইতিমধ্যে ফেরত পাঠানো হয়েছে অবৈধ অভিবাসীদের।

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ট্রাম্প। তার শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের হয়ে উপস্থিত ছিলেন জয়শঙ্কর। পরে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে কিছু বৈঠকও করেন তিনি। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ভারতীয়দের চাতক পাখির মতো অপেক্ষা করে থাকার বিষয়টিও সেই সময় ট্রাম্প প্রশাসনের নজরে এনেছেন তিনি।

GOVT

Scroll to Top