তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ রাজ্যের বিভিন্ন এলাকার ৮০০ তৃণমূল কর্মীর একটি তালিকা প্রস্তুত করেছে। পুলিশের দাবি, ওই কর্মীরা এলাকায় অশান্তি সৃষ্টি করে নির্বাচনে ব্যাঘাত ঘটাতে পারেন। এই খবর পাওয়ার পর বিষয়টি নিয়ে আদালতের দ্রুত হস্তক্ষেপ কামনা করে হাইকোর্টের শরণাপন্ন হয়েছে তৃণমূল।
সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে আবেদনটি করেন তৃণমূলের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আবেদনে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কমিশনের নির্দেশে রাজ্য পুলিশ তৃণমূলের ৮০০ জনের একটি তালিকা করেছে। তাঁদের গ্রেপ্তার করা হতে পারে। তাই তৃণমূল কংগ্রেস চাইছে অবিলম্বে আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করুক। হাইকোর্ট এই আবেদনের পরিপ্রেক্ষিতে তৃণমূলকে মামলা করার অনুমতি দিয়েছেন।



