বাংলাদেশ বিশ্বকাপে খেলে না, কিন্তু বিশ্বকাপের সবচেয়ে বড় লড়াইগুলোর একটি হয় এখানেই! ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই দুই শিবিরে বিভক্ত দেশের কোটি সমর্থক, পতাকার দখলযুদ্ধ, তর্ক-বিতর্ক আর আবেগের বিস্ফোরণ।
এবারও হচ্ছে না ব্যতিক্রম। খেলার মাঠটা হয়তো আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় হচ্ছে; কিন্তু উত্তাপটা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়।
বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের আবেগ, তর্ক আর উন্মাদনার আরেক বাংলাদেশে যেন হচ্ছে বিশ্বকাপ! সেই গল্প নিয়ে আইস্ক্রিনে নির্মিত সিরিজ ‘ব্রাজেন্টিনা ক্লাব’ মুক্তি পেতে যাচ্ছে ৭ জুলাই।
এটি নির্মাণ করেছেন তারিক মুহাম্মাদ হাসান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফুটবলার জামাল ভূঁইয়া, তাসনুভা তিশা, লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহীদ উন নবী, ইশতিয়াক আহমেদ রোমেল। আইস্ক্রিন কর্তৃপক্ষ জানায়, প্রতি এপিসোড ২৫ মিনিট করে আট পর্বের এই সিরিজটি ৭ জুলাই আইস্ক্রিনে মুক্তি পাবে।
নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান বলেন, ওয়ার্ল্ডকাপ উত্তেজনার মধ্যে বাংলাদেশের মহল্লায় মহল্লায় মজার মজার যে কাণ্ড ঘটে তাই দেখানো হয়েছে এতে। খুব সাধারণ গল্পগুলো আমরা মজা করে তুলে এনেছি।
এই সিরিজের মাধ্যমে প্রথমবার অভিনয় করলেন ফুটবলার জামাই ভূঁইয়া। প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে জামাল ভূঁইয়া জানান, এর আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নাটকে বা সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম।
পুরো বিষয়টি বেশ ম্যাজিক্যাল লাগছে। ক্যামেরার সামনের অভিনয়ের ব্যাপারটা সহজ নয় বলেও মন্তব্য করেন এই ফুটবল তারকা। জালাম ভূঁইয়া বলেন, আমার অভিনয় দেখে দর্শকরা মজা করুক, মিমস বানাক, ট্রল করুক তাদের কোনো আপত্তি নেই।



