২৫ মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধি দল ঢাকা আসছে: প্রধানমন্ত্রীর কার্যালয় – DesheBideshe

২৫ মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধি দল ঢাকা আসছে: প্রধানমন্ত্রীর কার্যালয় – DesheBideshe


ঢাকা, ১ আগস্ট – আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফর করবে।

শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। তিনি জানান, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যেই এই সফরের আয়োজন করা হয়েছে।

এই প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতের প্রায় ৪৫ জন শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী ও কর্মকর্তা অন্তর্ভুক্ত থাকবেন। সফরকালে তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে ধারাবাহিক বৈঠক করবেন। এছাড়া প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও একটি বিশেষ বৈঠকে মিলিত হবে।

এর আগে সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ওই বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আরও বাড়ানোর জন্য জোরালো আহ্বান জানান।

মুখপাত্র মাহ্‌দী আমিন বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ওপর পূর্ণ আস্থার কথা জানানো হয়েছে। তারা মনে করেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে।

গত পাঁচ মাসে সরকারের গৃহীত বিভিন্ন নীতি ও পদক্ষেপের প্রশংসা করেছে মার্কিন প্রতিনিধি দল। বৈঠকে দুই দেশের বিদ্যমান বহুমাত্রিক সম্পর্ককে আরও গভীর অর্থনৈতিক অংশীদারিত্বে রূপান্তরের বিষয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নীতিগত সহায়তা প্রদানের মাধ্যমে কীভাবে মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি আমদানি ও রপ্তানি বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মুখপাত্র আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন হিসেবেই মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ ভ্রমণে তাদের নাগরিকদের জন্য জারি করা সতর্কতা শিথিল করেছে। বাংলাদেশ এখন সব দেশের বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত এবং সরকার চায় ব্যবসায়ীরা এখানে এসে বিনিয়োগের নতুন সুযোগগুলো কাজে লাগান।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক ভবিষ্যতে এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক উপস্থিত ছিলেন।

এনএন/ ১ আগস্ট ২০২৬



Scroll to Top