২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপে নেই নেপালের নাম। ফিফার নিষেধাজ্ঞা থাকায় ঢাকায় হতে চলা আসরে দেশটির অংশগ্রহণ নিয়ে শঙ্কা থাকলেও দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। টুর্নামেন্ট শুরুর আগে যদি ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়, তাহলে শেষ মুহূর্তেও সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে পারে দেশটি।
সম্প্রতি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিফা। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় নেপালের জাতীয় দল ও ক্লাবগুলো ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আয়োজিত কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। তবে ফিফা স্পষ্ট করে জানিয়েছে, শর্ত পূরণ হলে যেকোন সময় এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে।
এ কারণেই ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে নেপালকে রাখা হয়নি। তবে সাফ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেপাল যদি ফিফার নিষেধাজ্ঞামুক্ত হতে পারে, তাহলে তাদের টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে স্বাগতিক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে নেপালকে ‘এ’ গ্রুপে রাখা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
বর্তমানে নেপালের ফুটবল প্রশাসনের সংকট নিরসনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফিফা চায়, দেশটির ফুটবল ফেডারেশন স্বাধীনভাবে পরিচালিত হোক, নির্বাহী কমিটিকে পুনর্বহাল করা হোক এবং ফিফার নিয়ম অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হোক। এসব শর্ত পূরণ হলেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ খুলতে পারে।




