১৩ বছর আগে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ১৭ আগস্ট

আবুল কালাম আযাদের করা আপিলটি আপিল বিভাগের চেম্বার আদালত হয়ে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। আদালতে আবুল কালাম আযাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিকী ও আইনজীবী মীর ওসমান বিন নাসিম। অন্যদিকে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

পরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পেপারবুক (মামলার বৃত্তান্তসংবলিত) ছিল না, ওরা (আপিলকারী পক্ষ) কপিও দেয়নি। সে কারণে আমরা মুলতবি চেয়েছি। আদালত তা মঞ্জুর করেছেন। ১৭ আগস্ট এ বিষয়ে শুনানি হবে।’

বিলম্ব মার্জনাসহ ট্রাইব্যুনালের সাজার রায় বাতিল ও খালাস চেয়ে আপিলটি মুলতবি করা হয়েছে বলে জানান আবুল কালাম আযাদের জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিকী। তিনি প্রথম আলোকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আবুল কালাম আযাদের সাজা এক বছরের জন্য স্থগিত হয়েছে। এই মেয়াদ অক্টোবর মাসে শেষ হবে। সে জন্য আপিলের শুনানি তথা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত চাওয়া হয়েছে। বিচারাধীন আপিলে ট্রাইব্যুনালের দেওয়া ওই সাজা স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। এই আবেদনের ওপর ১৭ আগস্ট শুনানি হতে পারে।’

Scroll to Top