মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে দেশটির মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা না চালানোর কথা জানানোর পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে এ পতন দেখা গেছে। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ৪টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৭ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ১০২ দশমিক ৯১ ডলারে নেমে আসে।
এর আগে বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে উঠেছিল। উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বাজারে উদ্বেগ ছিল।
এর আগের লেনদেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের আশঙ্কা এবং দেশটির উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় দাম বেড়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ১ শতাংশ বা ৪ দশমিক শূণ্য ৮ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ২৮ ডলারে স্থির হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিশ্ববাজারে তেলের দামের ওঠানামায় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি, সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে সাময়িক স্বস্তি ফিরলেও পরিস্থিতির পরিবর্তনে তেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিতে পারে।



