স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে বলা আছে, কোনো ইউনিয়ন পরিষদের নির্বাচনের মাধ্যমে গঠিত পরিষদের প্রথম সভা থেকে পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২১ জুন। ওই দিন প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে ভোট হয়।
এই ২০৪টি ইউনিয়ন পরিষদ বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা ও পটুয়াখালী জেলার। এসব ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিগত সরকারের মতো বর্তমান সরকারও কয়েক ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করবে।
এদিকে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বার্তা সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রায় সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আইন, বিধিমালা ও আচরণবিধি সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আচরণবিধির খসড়া ইতিমধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও সাধারণ মানুষের মতামত যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের পর আচরণবিধি চূড়ান্ত করা হবে।



