হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বেড়েছে তেলের দাম | চ্যানেল আই অনলাইন

হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বেড়েছে তেলের দাম | চ্যানেল আই অনলাইন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক ও জব্দ করেছে। এর পরপরই ইরান ঘোষণা দেয়, তারা আবারও প্রণালিটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দিচ্ছে এবং কোনো জাহাজ প্রবেশ করলে তা লক্ষ্যবস্তু করা হবে।

বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫৫ ডলারে।

মূলত, বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে যেকোনো ধরনের অচলাবস্থা বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। এর জেরে তেহরান বারবার এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত করার হুমকি দিয়ে আসছে।

অন্যদিকে, ওমান উপসাগর এলাকায় ‘তুসকা’ নামের একটি ইরানি কার্গো জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পরস্পরবিরোধী দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান।

Scroll to Top