
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার ২ সেপ্টেম্বর জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কই বাংলাদেশ-ভারত সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা এবং একে অন্যের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মানের ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক দীর্ঘদিন ধরে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। সময় ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে এই ঐতিহাসিক সম্পর্কেও বিভিন্ন পরিবর্তন এসেছে।
আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন নিয়ে সমালোচনা করে স্পিকার বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সাজানো নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্রের পথ সুগম হয়েছে।
হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূলত সরকারকেন্দ্রিক ছিল।
জবাবে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে ভারত সরকার আগ্রহী। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও বাড়িয়ে তাদের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করছে।
এ সময় ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে হাফিজ উদ্দিন আহমদকে ভারত সফরের আমন্ত্রণ জানান দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাতে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…