সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি | চ্যানেল আই অনলাইন

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে ফ্রান্সের জয়রথ ছুটছেই। শুক্রবার রাতে মরক্কোর বিপক্ষে জয় তুলে সেমিফাইনালে উঠে গেছে গত দুই আসরের ফাইনালিস্টরা। ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পেয়ে ৭৭ মিনিটে মাঠ ছাড়েন অধিনায়ক কাইলিয়ান এমবাপে। পরে অবশ্য বলেছেন, ঠিক আছেন।

বদলি হওয়ার আগে এমবাপে মাঠের বাইরে চিকিৎসা নিয়েছেন। ৭৭ মিনিটে তুলে নেয়া হয় তাকে। নামেন জেন-ফিলিপ্পে মাতেতা। সেসময় দেখা যায় এমবাপে আইসব্যাগ ডান পায়ের উপর ধরে রেখেছেন।

ম্যাচের পর নিজের অবস্থা নিয়ে এমবাপে বলেন, ‘ঠিকঠাক আছি। পায়ের গোড়ালিতে কিছুটা আঘাত পেয়েছিলাম, কিন্তু সব ঠিক আছে। মাতেতা শেষ ১৫ মিনিটে আমার চেয়ে ভালো খেলার যোগ্যতা রাখে।’

ইউরোপের গণমাধ্যমও দলের নানা সূত্রে জানাচ্ছে, এমবাপের গোড়ালিতে কোন সমস্যা নেই। তাকে নিয়ে চিন্তারও কিছু নেই।

ফ্রান্স মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জিতেছে। ২০২২ সালে কাতার বিশ্বকাপেও সেমিফইনালে মরক্কোর বিপক্ষে একই ব্যবধানে জিতেছিল তারা।

ম্যাচ নিয়ে এমবাপে বলেছেন, ‘এখানে আবেগের কোন জায়গা নেই। এখানে ম্যাচ জিততে এসেছি এবং সেও (হাকিমি) এখানে জয়ের জন্য এসেছিল। কিন্তু এটা সত্য যখন আমি ড্রেসিংরুমে তার সাথে দেখা করতে যাবো, সেটা আমাকে কিছুটা ভারাক্রান্ত করবে। কারণ সে আমার ভালো একজন বন্ধু।’

Scroll to Top