সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি | চ্যানেল আই অনলাইন

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি | চ্যানেল আই অনলাইন

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে জেলার প্রধান নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩০ মিটার, যা মৌসুমি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে পানির উচ্চতা ১০ সেন্টিমিটার বেড়েছে। একই সময়ে জেলায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, ছাতক পয়েন্টে নদীর পানির উচ্চতা ৮ দশমিক ৩৮ মিটার, যা বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচে রয়েছে। গত এক দিনে সেখানে পানির উচ্চতা বেড়েছে ২১ সেন্টিমিটার। এ সময়ে ছাতকে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

অন্যদিকে শক্তিয়ারখলা পয়েন্টে নদীর পানির উচ্চতা ৭ দশমিক ২৮ মিটার, যা বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচে রয়েছে। তবে এ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা ৪২ সেন্টিমিটার কমেছে। লাউড়েরগড় এলাকায় একই সময়ে সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গত কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, রক্তি ও বৌলাইসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়তে শুরু করে। এর ফলে বেশ কয়েকটি নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদুল হক জানান, নদ-নদীর পানির পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি ও উজানের ঢলের ওপর নির্ভর করে আগামী দিনগুলোতে পানির প্রবণতায় পরিবর্তন আসতে পারে। তাই নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সম্ভাব্য বন্যা মোকাবিলায় জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মিনহাজুর রহমান। তিনি বলেন, জেলার ১১টি উপজেলায় ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক, নৌযান এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

Scroll to Top