
ওয়াশিংটন, ২৭ জুলাই – যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে আয়োজিত একটি জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে ভয়াবহ বন্দুকহামলার ঘটনা ঘটেছে। বিখ্যাত স্পেস নিডল সংলগ্ন সিয়াটল সেন্টারে আয়োজিত এই হামলায় দুই জন নিহত হয়েছেন এবং এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
গত রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর এই আকস্মিক হামলার ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিয়াটল ফায়ার ডিপার্টমেন্টের তথ্যমতে, ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত চারজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে মাত্র দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
হামলার সময় সিয়াটল সেন্টারে বার্ষিক বাইট অব সিয়াটল উৎসব চলছিল। মেলায় অসংখ্য স্থানীয় বিক্রেতা এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে যখন গান চলছিল তখন হঠাৎ করেই বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এরপরই উৎসব প্রাঙ্গণে উপস্থিত মানুষ দিগ্ববিদিক ছুটতে শুরু করেন।
হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ এবং এফবিআইয়ের কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই নৃশংস হামলার পেছনে সঠিক কারণ কী ছিল তাও এখনো স্পষ্ট করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সিয়াটল সেন্টারের মনোরেল সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এনএন/ ২৭ জুলাই ২০২৬





