দাবিদাওয়া ও গ্যাস সংকটের যৌক্তিক সমাধান না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে সারাদেশে গ্যাস সরবরাহে চলমান বিপর্যয়ের কথা বিবেচনায় নিয়ে আগামী ৩০ জুলাইয়ের প্রতীকী কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩০ জুলাই ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা থাকলেও বর্তমান গ্যাস সংকটের কারণে জনদুর্ভোগ আরও বাড়তে পারে, বিষয়টি বিবেচনায় নিয়ে ওই কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নিলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এদিকে রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালকরা। গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পরও গ্যাস মিলছে না। কোথাও কোথাও স্বল্পচাপের কারণে স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। আজ ভোর থেকেই মালিবাগ, খিলগাঁও, মুগদা, মতিঝিল, মানিকনগর, বনশ্রীসহ রাজধানীর বিভিন্ন এলাকার সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। দুপুরের দিকে গ্যাসের চাপ আরও কমে গেলে একাধিক স্টেশন কার্যক্রম বন্ধ করে দেয়।
চালকদের অভিযোগ, দিনের বড় একটি সময় গ্যাস নেওয়ার অপেক্ষায় কাটাতে হচ্ছে। ফলে ট্রিপের সংখ্যা কমে যাওয়ায় আয়ও কমে গেছে। অথচ গাড়ির কিস্তি, দৈনিক জমা ও সংসারের ব্যয় আগের মতোই বহন করতে হচ্ছে।


