সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হয়ে তীব্র গরম ও তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু, অলৌকিকভাবে বাঁচলেন ২ জন – DesheBideshe

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হয়ে তীব্র গরম ও তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু, অলৌকিকভাবে বাঁচলেন ২ জন – DesheBideshe


সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হয়ে তীব্র গরম ও তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু, অলৌকিকভাবে বাঁচলেন ২ জন – DesheBideshe

নিয়ামে, ৫ জুন – নাইজারের সাহারা মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় ট্রাক বিকল হয়ে তীব্র গরমে ও পানিশূন্যতায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। মরুভূমির চরম প্রতিকূল পরিবেশের মধ্যে পানি ছাড়া আটকা পড়ে এসব মানুষের মৃত্যু হয়।

ভয়াবহ এই বিপর্যয় থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন মাত্র দুজন যাত্রী। তারা তপ্ত বালুর ওপর দিয়ে প্রায় ৫০ কিলোমিটার হেঁটে লোকালয়ে পৌঁছে প্রশাসনকে খবর দিলে পুরো বিষয়টি জানাজানি হয়।

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ এক প্রতিবেদনে এই মর্মান্তিক ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

নাইজারের আগাদেজ অঞ্চলের গভর্নর কার্যালয় থেকে জানানো হয় যে নিহত ব্যক্তিরা মালি থেকে একটি ধর্মীয় উৎসব শেষ করে নিজ দেশে ফিরছিলেন। পথিমধ্যে নাইজার ও আলজেরিয়া সীমান্তের আসামাকা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে মরুভূমির ভেতরে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে পড়ে।

গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয় যে পানি ফুরিয়ে যাওয়ার পর চালক ও তার সহকারীরা আপ্রাণ চেষ্টা করেও গাড়িটি মেরামত করতে পারেননি। তীব্র তাপমাত্রা ও পানির কোনো উৎস না থাকায় ওই বৈরী পরিবেশে যাত্রীদের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে। পরবর্তীতে প্রশাসনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের মরুভূমিতেই দাফন করে।

জীবন বাঁচাতে সক্ষম হওয়া দুই ব্যক্তি মরুভূমির চরম উত্তাপের মধ্যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রথমে একটি পানির উৎসের সন্ধান পান। সেখান থেকে তারা আসামাকা শহরে পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষকে বিস্তারিত জানান।

আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীদের অন্যতম প্রধান রুট হিসেবে সাহারা মরুভূমির এই অঞ্চলটি ব্যবহৃত হয়। মানব পাচারকারীরা প্রায়ই এই বিপদসংকুল পথ বেছে নেয়।

প্রচণ্ড দাবদাহ ও ধূলিঝড়ের কারণে এই দুর্গম এলাকায় প্রায়ই সাধারণ যাত্রী ও অভিবাসীদের প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এনএন/ ৫ জুন ২০২৬



Scroll to Top