সাদা বলের দুটি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সফরকারীদের প্রথম ভাগের ক্রিকেটাররা।
একই ফ্লাইটে বাংলাদেশ সফরের দলে থাকা সব ক্রিকেটার ঢাকায় আসেননি। আরেকটি ফ্লাইটে বাকিরা আসবেন। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টুয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। শনিবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প।
অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াই সাদা বলের ক্রিকেটে। সূচি অনুযায়ী, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ জুন প্রথম ওয়ানডে হবে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ জুন।
এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।


