সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন | চ্যানেল আই অনলাইন

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন | চ্যানেল আই অনলাইন

ঢাকার যানজট কমাতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করবে।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা-সংশ্লিষ্ট সূত্র জানায়, কাঁচপুর বাস টার্মিনালের শেড, টিকিট কাউন্টার, টয়লেট, অফিস কক্ষ এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ ডিপিএম পদ্ধতিতে বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রধানমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আগামী চার মাসের মধ্যে টার্মিনালটি ব্যবহারের উপযোগী করে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা। এর আওতায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্মে ঢালাই ও টাইলস স্থাপন, শেডের ছাদের জন্য ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট বসানো, ১২০টি টিকিট কাউন্টার নির্মাণ, ৩২টি টয়লেট নির্মাণ এবং টিকিট কাউন্টার ও আশপাশে প্রয়োজনীয় পার্টিশনসহ অন্যান্য আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা হবে।

Scroll to Top