মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদকে রফতানি পণ্য হিসেবে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও রফতানি করা সম্ভব হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন।
কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতর-সংস্থার জনবল, কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
মন্ত্রী বলেন, দেশের জনগণের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদকে রফতানি পণ্য হিসেবে এগিয়ে নেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে প্রকল্পগুলোর অগ্রগতি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন কমিটির সভাপতি। শূন্য পদগুলো পূরণে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ কমিটির সদস্যরা এবং মন্ত্রণালয়ের সচিব, অধীন দফতর-সংস্থার প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

