সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার | চ্যানেল আই অনলাইন

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার | চ্যানেল আই অনলাইন

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে বল হাতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। শুরুতে উইকেট পাওয়ার সুযোগ তৈরি হলেও সেটি হাতছাড়া হয়। পরে তিন ওভারের স্পেলে কোন উইকেট না নিয়েই ২৯ রান খরচ করেন তিনি।

রোববারের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জাফনা কিংস। ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণে এসে প্রথম ৫ বলে মাত্র ৪ রান দেন সাকিব। শেষ বলে রিজা হেনড্রিকসকে ক্যাচ তুলতে বাধ্য করলেও স্কয়ার লেগে সহজ সুযোগটি কাজে লাগাতে পারেননি লিজাড উইলিয়ামস। ফলে সম্ভাব্য উইকেট থেকে বঞ্চিত হন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।

পাওয়ার প্লেতে নিয়ন্ত্রিত বোলিং করলেও দ্বিতীয় স্পেলে ছন্দ ধরে রাখতে পারেননি সাকিব। সপ্তম ওভারে দিনেশ চান্দিমাল ও পাভান রাত্নায়েকে দুটি বাউন্ডারি হাঁকিয়ে ১১ রান তুলে নেন। পরে নিজের শেষ ওভারে একটি ছক্কাসহ আরও ১৩ রান দেন তিনি। এরপর আর তাকে বোলিংয়ে ফেরাননি জাফনা অধিনায়ক।

এর আগে টুর্নামেন্টে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন সাকিব। যদিও সেই ম্যাচেও রান খরচ হয়েছিল বেশ।

জাফনা কিংসের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন লঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কা। তিনি ৩২ রানে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া দুনিথ ওয়েলালাগে ও লিজাড উইলিয়ামস দুটি করে উইকেট নেন।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রানের বড় সংগ্রহ গড়ে ডাম্বুলা সিক্সার্স, যা জয়ের জন্য জাফনা কিংসের সামনে কঠিন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

Scroll to Top