আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব | চ্যানেল আই অনলাইন

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব | চ্যানেল আই অনলাইন

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের অবদান রাষ্ট্র কখনও ভুলে যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাবে এবং সহায়তা প্রদান করবে। তবে এ জন্য কিছুটা সময় ও ধৈর্য প্রয়োজন।

রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালেহ শিবলী বলেন, আমরা এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছি, যখন আন্দোলনের সময় কেউ নিরাপত্তা পেত, আবার কেউ পেত না। কিন্তু আজকের বাংলাদেশে সবাই নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছি। তিনি আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রেস সচিব বলেন, প্রত্যেক ত্যাগের মূল্যায়ন একদিনে সম্ভব নয়। তবে রাষ্ট্র ধীরে ধীরে সবার অবদান মূল্যায়ন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, দীর্ঘদিনের আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন, পর্যায়ক্রমে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া বিভিন্ন সংকট মোকাবিলা করছে। এসব কারণে অনেক উদ্যোগ বাস্তবায়নে সময় লাগছে।

সালেহ শিবলী বলেন, গত ১৫ বছরে যেসব নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটেছে, সেই বাস্তবতা থেকে দেশকে বের করে আনতে সরকার কাজ করছে। তাই নতুন সরকারকে কিছুটা সময় দিন। ইতোমধ্যে পরিবর্তনের বিভিন্ন দিক দৃশ্যমান হতে শুরু করেছে। তিনি বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুনর্গঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিক, আলোকচিত্রীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, ডিইউজের সহসভাপতি রাশেদুল হক, বিপিজেএর সহসভাপতি মশিউর রহমান সুমন, অর্থ সম্পাদক নাসিম শিকদার, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদসহ সাংবাদিক, আলোকচিত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Scroll to Top